মোঃ সোহানুর রহমান
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই বিজন কুমারের নেতৃত্বে এএসআই মো. সোহেল রানাসহ পুলিশের একটি দল উপজেলার ১ নম্বর ভারশো ইউনিয়নের চৌবাড়ীয়া বাজারস্থ কলাবাগান সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মো. গিয়াস উদ্দিনের ভাতের হোটেলের সামনে এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন, মিলন ইসলাম (৩২), পিতা- নুরুল ইসলাম মণ্ডল, গ্রাম- হোসেনপুর মণ্ডলপাড়া, থানা- মান্দা, জেলা- নওগাঁ।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হাতে থাকা একটি কালো পলিথিন থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে খোরশেদ আলম বলেন, "মাদকের বিরুদ্ধে মান্দা থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আমরা কাউকে ছাড় দেব না। মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে জনগণকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।"